Monday, May 28, 2018

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা

আসিছেন হাবিব-এ খোদা আরশ্ পাকে তাই উঠেছে শোর
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে
তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠলো গেয়ে।

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা
হের সেই খুশীতে চাঁদ-সুরুজ আজ হ’ল দ্বিগুন আলা।

ফকির দরবেশ আউলিয়া যারে,
ধ্যানে জ্ঞানে ধরতে নারে
যাঁর মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা ।।

বারেক মুখে নিলে যাঁহার নাম,
চিরতরে হয় দোজখ হারাম
পাপীর তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা।।

মিম হরফ না থাকলে সে আহাদ,
নামে মাখা তার শিরিন শাহাদ্
নিখিল প্রেমাস্পদ্ আমার মোহাম্মদ ত্রিভুবন উজালা।।

Monday, May 7, 2018

ভোর হল ওঠ জাগ মুসাফির,

C
ভোর হল, ওঠ জাগ মুসাফির, আল্লা - রাসুল বোল
গাফলিয়াতি ভোল রে অলস, আয়েশ আরাম ভোল।।

এই দুনিয়ার সরাইখানায়
জনম গেল ঘুমিয়ে হায়!
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল।।

দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তোর
দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর।।

যে দিন আজো আছে বাকী
খোদারে তুই দিসনে ফাঁকি
আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল।।

Sunday, May 6, 2018

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদে কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।



আদি রেকর্ডিং : ১৯৪৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : গিরীন চক্রবর্তী
শিল্পী : সত্য চৌধুরী

Monday, March 19, 2018

আমি ময়না মোতির শাড়ি দিব

আমি ময়না মোতির শাড়ি দিব চল আমার বাড়ি
ওগো ভিন গেরামের নারী
তোরে সোনাল ফুলের বাজু দেব চুড়ি বেলোয়ারী
ওগো ভিন গেরামের নারী।

বৈচি ফুলের পৈচি দেব, কলমী লতার বালা
গলায় দেব টাটকা তোলা ভাট ফুলেরই মালা
রক্ত শালুক দিব পায়ে পড়বে আলতা তারি।।

হলুদ চাপার বরন কন্য এসো আমার নায়
সরষে ফুলের সোনার রেনু ,মাখাবো ওই গায়।।


ঠোটে দিব রাঙ্গা পলাশ মহুয়া ফুলের মৌ
বকুল ডালে ডাকবে পাখি বৌগো কথা কও
আমি সব দিব গো, যা পারি আর যা দিতে না পারি।

Wednesday, February 21, 2018

তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম


তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম
মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম।।

সেই প্রেম মোরে দাও গো শ্রীহরি
যে প্রেমে নেমে আস নেমে আস রূপ ধরি
যে প্রেমে কাঁদ যমুনার তীরে তুমি
লয়ে রাধা রাধা নাম।।

সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান
রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান।
 মোর আখি হয়ে উঠুক কমল
দাও প্রিয় মোরে সেই আখি জল
দাও সে বিরহ দাও
যে বিরহে এই, ধরা হয় ব্রজ ধাম।।

Sunday, January 28, 2018

বক্ষে আমার কাবার ছবি

বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রাসুল।
শিরোপরি মোর খদার আরশ
গাই তারি গান পথ বেভুল।।

পাইলির প্রেমে মজনু পাগল,
আমি পাগল 'লা- ইলা'র,
প্রেমিক দরবেশ আমায় চিনে
অ-রসিকে কয় বাতুল।।

হৃদয়ে মোর খুশীর বাগান,
বুলবুলি তায় গায় সদাই-
ওরা খোদার রহম মাগে
আমি খোদার 'ইশক' চাই।।


আমার মনের মসজিদে দেয়
আজান হাজার 'মুয়াজ্জিন',
প্রানের 'লওহে' কোরান লেখা
'রুহ' পড়ে তা রাত্রিদিন।


খাতুনি জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করিনা রোজ- কিয়ামত
পুল- সিরাতের কঠিন পুল।।



আদি রেকর্ডিং- ১৯৩২
শিল্পীঃ মহম্মদ কাশেম (কে মল্লিক)

রসুল নামের ফুল এনেছি রে

রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে
এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লা তালাকে॥
  
  অতি অল্প ইহার দাম
    শুধু আল্লা রসুল নাম
এই মালা প’রে দুঃখ শোকের ভুলবি জ্বালাকে॥


এই ফুল ফোটে ভাই দিনে রাতে (ভাইরে ভাই) হাতের কাছে তোর
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে তাই রাত হ’ল না ভোর।


    এর সুগন্ধ আর রূপ র’য়ে যায়
    নিত্য এসে তোর দরজায় রে
পেয়ে ভাতের থালা ভুললি রে তুই চাঁদের থালাকে॥


আদি রেকর্ডিং- ১৯৪৮
শিল্পীঃ বেদারউদ্দিন আহমদ।