Sunday, October 18, 2026

হে গোবিন্দ রাখ চরণে

 হে গোবিন্দ রাখ চরণে।
মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥

গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুখ পাই সে চরণ চেয়ে
এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥

হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়।

হরি সব তরী ডুবে যায়
তোমার চরণ তরী ত’ ডোবে না হায়,
তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥


Saturday, July 18, 2026

বাসন্তী রং শাড়ি প'রো

 

বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্‌।
সাঁঝের বেলায় সাজবে যখন 
জ্বাল্‌বে যখন দীপ্‌॥

দুলিয়ে দিও দোলন্‌ খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখ্‌লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্‌॥

কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্‌-অতসীর কাঁকন প'রো, কনক-গাঁদার চুড়ি।

আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ 'পরে,
তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্‌॥