Showing posts with label ইসলামী. Show all posts
Showing posts with label ইসলামী. Show all posts

Monday, May 2, 2022

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ। 

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।।

Saturday, November 20, 2021

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল্।।
 
এই একমাস রোজা রেখে
পরহেজ থাক গুনাহ্ থেকে
কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল্।।
বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার)
এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ।
 
ভোগ বিলাসে মাখ্লি যে পাঁক
রমজানে তা হবে রে সাফ
এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল্।।
 
এলো রমজানেরি চাঁদ
তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : রাবেয়া খাতুন (ঊষারাণী দেবী)


Wednesday, January 1, 2020

রোজ হাশরে আল্লা আমার


রোজ হাশরে আল্লা আমার
ক'রো না বিচার (আল্লা)
বিচার চাহি না তোমার
দয়া চাহে এ গুনাহ্‌গার।।

আমি জেনে শুনে জীবন ভ'রে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব ত'রে বিচারে তোমার।।

বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুণেই ত'রে যাব, কেন এ জ্ঞান দিলে।

দীন ভিখারি ব'লে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।

Saturday, December 28, 2019

ত্রাণ করো মওলা মদিনার

D#
ত্রাণ করো মওলা মদিনার
উম্মত তোমার গুনাহ্গার কাঁদে।
তব প্রিয় মুসলিম দুনিয়ার
পড়েছে আবার গুনাহের ফাঁদে॥

নাহি কেউ ইমানদার, নাহি নিশান-বর্দার,
মুসলিম জাহানে নাহি আর পরহেজগার,
জামাতে শামিল হতে যায় না মসজিদে,
পড়েনাকো কোরআন, মানে না মুর্শিদে;
ভুলিয়াছে কলমা শাহাদাত
পড়ে না নামাজ ঈদের চাঁদে॥

নাহি দান খয়রাত, ভুলে মোহ-ফাঁসে
মেতে আছে সবে বিভবে-বিলাসে,
বসিয়াছে জালিম শাহী তখ্তে তব
মজলুমের এ ফরিয়াদ আর কারে কব।
তলওয়ার নাহি আর
পায়ে গোলামীর জিঞ্জির বাঁধে॥

আদি রেকর্ডিং- ১৯৩৭
সুর: সুবলদাস গুপ্ত
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ

https://youtu.be/B4eLaLlW2TA



Saturday, November 16, 2019

হে মোহাম্মদ এসো এসো


হে মোহাম্মদ এসো এসো
আমার প্রাণে আমার মনে।
এসো সুখে এসো দুখে
আমার বুকে মোর নয়নে।।

আমার দিনের সকল কাজে
যেন তোমার স্মৃতি রাজে,
এসো আমার ঘুমের মাঝে
এসো আমার জাগরণে।।

কোরান দিলে, দিলে ঈমান,
বেহেশ্‌তের দিশা দিলে,
পাপে তাপে ভোলা এ মন
খোদার রাহে ডেকে নিলে।

তোমায় আমি ভুলব কিসে
আছ আমার রুহে মিশে,
আমি তোমার প্রেমের পাগল
রেখো আমায় ঐ চরণে।।


তাল : কাহার্‌বা আদি
রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আব্দুল লতিফ

ইয়া এলাহি, ইয়া এলাহি

ইয়া এলাহি, ইয়া এলাহি
তব রাহে মোরে কর রাহী।।

ফরজ ওয়াজেব জানি না হে স্বামী
তব নামে মশ্‌গুল দিবা যামী
চাহি না শাফায়ৎ বেহেশ্‌ত দৌলত,
হে প্রভু শুধু তোমারে চাহি।।

পতঙ্গ ধায় যেমন দীপ পানে
তোমার জ্যোতি মোরে তেমনি টানে
তোমার বিরহে নিশিদিন কাঁদি
পরানে আমার শান্তি নাহি।।

আমারে রাখ তব প্রেমে ছেয়ে
বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে,
নদী যেমন যায় সাগরে ধেয়ে -
তেমনি ছুটি যেন তব নাম গাহি'।।

হাম্‌দ। তাল : কাহার্‌বা
শিল্পী : আব্দুল লতিফ
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম


Sunday, August 18, 2019

মসজিদেরই পাশে আমার

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও
মোয়াজ্জিনের আজান শুন্‌তে পাই।।  
 
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে এ গুণাহ্‌গার পাইবে রেহাই।।
 
কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত,
ঐ মস্‌জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।
 
কত দরবেশ ফকির রে ভাই মস্‌জিদের আঙিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে।
আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্‌তে চাই
আল্লার নাম জপ্‌তে চাই।।

Wednesday, January 2, 2019

শোন শোন ইয়া ইলাহি


শোন শোন ইয়া ইলাহি
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস রাত।

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
চোখে যেন দেখি শুধু
কুরআনের আয়াত।


দুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস যামী,
তোমার মসজিদেরই ঝাড়ু বর্দার
হোক আমার এ হাত।

সুখে তুমি দুখে তুমি,
চোখে তুমি বুকে তুমি,
এই পিয়াসী প্রানের, খোদা
তুমি আব হায়াত।