Sunday, October 18, 2026

হে গোবিন্দ রাখ চরণে

 হে গোবিন্দ রাখ চরণে।
মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥

গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুখ পাই সে চরণ চেয়ে
এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥

হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়।

হরি সব তরী ডুবে যায়
তোমার চরণ তরী ত’ ডোবে না হায়,
তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥


Saturday, July 18, 2026

বাসন্তী রং শাড়ি প'রো

 

বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্‌।
সাঁঝের বেলায় সাজবে যখন 
জ্বাল্‌বে যখন দীপ্‌॥

দুলিয়ে দিও দোলন্‌ খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখ্‌লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্‌॥

কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্‌-অতসীর কাঁকন প'রো, কনক-গাঁদার চুড়ি।

আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ 'পরে,
তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্‌॥

Saturday, May 25, 2024

বেল ফুল এনে দাও চাই না বকুল

Cm

বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
 
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর, কি ভুল।।
 
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
 
গিরি-মল্লিকা কই’ চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।

Wednesday, May 1, 2024

তোমারেই আমি চাহিয়াছি প্রিয়

F#
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
জনমে জনমে  তাই চলে মোর অনন্ত অভিসার।।
 
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্‌বুল্‌,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।।
 
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর–ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল–গন্ধ।
 
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে প্রীতি–সম্ভার।।

তাল: দাদরা

Thursday, February 15, 2024

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।
বাকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম॥
তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে!
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে॥

সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে
পীতধড়া প’রো কালো অঙ্গে (হরি হে)
নীল কপোত সম চরণ দুটি
নেচে যাক অপরূপ ভঙ্গে (হরি হে)

যেন নূপুর বাজে
হরি সেই পায়ে যেন নূপুর বাজে।
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে।
ঐ চরণে জড়ায়ে পরান আমার
(যেন) মঞ্জির হয়ে বাজে॥


Tuesday, October 31, 2023

কার মঞ্জির রিনিঝিনি বাজে

কার মঞ্জির রিনিঝিনি বাজে - চিনি চিনি।
প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী।।


বন-শিরিষের জিরিজিরি পাতায়
ধীরি ধীরি ঝিরি ঝিরি নূপুর বাজায়,
তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী।।


আমার গানে তারি চরণের অনুরণনে
ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে।


কান পেতে রই দুয়ার পাশে
তারি আসার আভাস আসে,
ঝঙ্কার তোলে মনের বীণায় বীণ-বাদিনী।।
 
রাগঃ সিন্ধুরা
তালঃ কাহার্‌বা


তরুণ অশান্ত কে বিরহী

তরুণ অশান্ত কে বিরহী।
নিবিড় তমসায় ঘন ঘোর বরষায় —
দ্বারে হানিছ কর রহি রহি।।

ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা
কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা

চোখে আশা-বিদ্যুৎ
এলে কোন মেঘদূত,
বিধূর বঁধূর মোর বারতা বহি’।।

রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল