Thursday, August 12, 2021

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে।। 

গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু পড়বে ঢলে
ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে।। 

মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায় নিও
ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়। 

ঘুমাই যদি কাছে থেকো, হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে।।
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।।

রাগ : সাহানা, তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৪১ কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : বিনয় কুমার অধিকারী

Saturday, July 31, 2021

এখনো ওঠেনি চাঁদ

 

এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয় নি যে মোর সারা –
হে পথিক যাও ফিরে॥


এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে –
হে পথিক যাও ফিরে॥


পল্লব-গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে –
হে পথিক যাও ফিরে॥


যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি’
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে –
হে পথিক যাও ফিরে॥

Tuesday, May 11, 2021

আল্লাতে যার পূর্ণ ঈমান

G
আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।।

(যাঁর)মুখে শুনি তৌহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম।
যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্‌।।
 
স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক।
হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্‌।
 
কোথা সে শিক্ষা আল্লাহ্‌ ছাড়া,
ত্রিভুবনে ভয় করিত না যাঁরা।
আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্‌আন্‌।।

Wednesday, November 25, 2020

নাই চিনিলে আমায় তুমি

 নাই চিনিলে আমায় তুমি রইবো আঁধেক চেনা
চাঁদ কি জানে কোথায় ফোটে? চাঁদনী রাতে হেনা।
 
আধো আঁধার আধো আলোতে
একটু চোখের আলাপ পথে
জানিতাম তাও ভুলবে তুমি
আমার আখি ভুলবে না।।
 
আমার ইষৎ পরিচয়ের সেই সঞ্চয় লয়ে
হয়না সাহস তোমায় যাব মনের কথা কয়ে।
 
একটু জানার মধু পিয়ে
বেড়াই কেন গুনগুনিয়ে
তুমি জানো আমি জানি
আর কেহ জানেনা।।
x

Monday, October 12, 2020

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে)

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে)
আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
যে গিয়েছে আমায় ফেলে’।।

তোদের মত ঘর ছিল ভাই আমার এম্‌নি গাঙের কূলে,
আর সেই ঘরেতে রূপের জোয়ার উঠতো দু'লে দু'লে।
সেই সোনার পরী উড়ে গেছে রে (ও ভাই) সোনার পাখা মেলে'।।

পায়ে চ’লে খুঁজি তা'রে, আমি গাঁয়ে গাঁয়ে খুঁজি,
নাইতে চলে বৌ-ঝি, আমি ভাবি সে-ই বুঝি।
চাঁদের দেশের মেয়ে সে ভাই, গেছে বাপের বাড়ি,
আর মাটিতে মোর পা বাঁধা ভাই, (আমি) উড়ে যেতে নারি।
হারালে সব যায় পাওয়া ভাই (ও ভাই) মানুষ নাহি মেলে।।

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
ধারা : ভাটিয়ালী, তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৪
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : নিমাইচরণ চক্রবর্তী

রেকর্ড সংগ্রাহক : শ্রী সোমক চন্দ
রেকর্ড # মেগাফোন জেএনজি ৯৭



https://www.youtube.com/watch?v=Xh_awR5rros&list=PLA7QJ9lLPaO2cMrlfgRtN8JYTxGjCGd4_


Saturday, September 5, 2020

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল -

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল - 

যেন ফিরদৌসের একমুঠো প্রেম, 

বৃন্দাবনের একমুঠো প্রেম, 

আজো করে ঝলমল।। 

 

কত সম্রাট হ’ল ধূলি স্মৃতির গোরস্তানে - 

পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহ্‌জাহানে, 

শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর গুঞ্জরে অবিরল।। 

 

কেমনে জানিল শাজাহান - প্রেম পৃথিবীতে ম’রে যায়, 

তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়! 

 

যেন তাজের পাষাণ অঞ্জলি ল’য়ে নিঠুর বিধাতা পানে

অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ হানে! 

বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা জল।। 

 

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল 

রাগ : মুলতানী মিশ্র, তাল : দাদরা 

আদি রেকর্ডিং : ১৯৪১ 

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : ইলা ঘোষ

 


Wednesday, August 12, 2020

বিদায়–সন্ধ্যা আসিল ওই

বিদায়–সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার।
হে প্রিয় আমার যাত্রা–পথ
অশ্রু–পিছল ক’রোনা আর।।
 
এসেছিনু ভেসে স্রোতের ফুল
তুমি কেন প্রিয় করিলে ভুল
তুলিয়া খোঁপায় পরিয়া তা’য়
ফেলে দিলে হায় স্রোতে আবার।।
 
হেথা কেহ কারো বোঝে না মন
যারে চাই হেলা হানে সে জন
যারে পাই সে না হয় আপন
হেথা নাই হৃদি ভালোবাসার।
 
তুমি বুঝিবেনা কি অভিমান
মিলনের মালা করিল ম্লান
উড়ে যাই মোর দূর বিমান
সেথা গা’ব গান আশে তোমার।।