Saturday, September 5, 2020

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল -

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল - 

যেন ফিরদৌসের একমুঠো প্রেম, 

বৃন্দাবনের একমুঠো প্রেম, 

আজো করে ঝলমল।। 

 

কত সম্রাট হ’ল ধূলি স্মৃতির গোরস্তানে - 

পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহ্‌জাহানে, 

শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর গুঞ্জরে অবিরল।। 

 

কেমনে জানিল শাজাহান - প্রেম পৃথিবীতে ম’রে যায়, 

তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়! 

 

যেন তাজের পাষাণ অঞ্জলি ল’য়ে নিঠুর বিধাতা পানে

অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ হানে! 

বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা জল।। 

 

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল 

রাগ : মুলতানী মিশ্র, তাল : দাদরা 

আদি রেকর্ডিং : ১৯৪১ 

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : ইলা ঘোষ

 


No comments:

Post a Comment