Sunday, August 9, 2020

আমার দেওয়া ব্যাথা ভোলো

আমার দেওয়া ব্যাথা ভোলো
আজ যে যাবার সময় হলো।।

নিববে যখন আমার বাতি 
আসবে তোমার নতুন সাথী
আমার কথা তারে বলো।।

ব্যাথা দেওয়ার কি যে ব্যাথা
আমি জানি,জানে বিধাতা
জানিলে না কি অভিমান
করেছে হায় আমায় পাষান
দাও যেতে দাও দুয়ার খোলো।।

Wednesday, January 1, 2020

রোজ হাশরে আল্লা আমার


রোজ হাশরে আল্লা আমার
ক'রো না বিচার (আল্লা)
বিচার চাহি না তোমার
দয়া চাহে এ গুনাহ্‌গার।।

আমি জেনে শুনে জীবন ভ'রে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব ত'রে বিচারে তোমার।।

বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুণেই ত'রে যাব, কেন এ জ্ঞান দিলে।

দীন ভিখারি ব'লে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।

ভরিয়া পরান শুনিতেছি গান

ভরিয়া পরান শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর!
স্বপন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত-চকোর।।

হিজল-বিছানো বন-পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো পিয়া।
নদীর পারে বন-কিনারে
ইঙ্গিত হানে শ্যাম কিশোর।।

চন্দ্রচূড় মেঘের গায়
মরাল-মিথুন উড়িয়া যায়,
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
বহিছে পবন গন্ধ-চোর।।

Saturday, December 28, 2019

ত্রাণ করো মওলা মদিনার

D#
ত্রাণ করো মওলা মদিনার
উম্মত তোমার গুনাহ্গার কাঁদে।
তব প্রিয় মুসলিম দুনিয়ার
পড়েছে আবার গুনাহের ফাঁদে॥

নাহি কেউ ইমানদার, নাহি নিশান-বর্দার,
মুসলিম জাহানে নাহি আর পরহেজগার,
জামাতে শামিল হতে যায় না মসজিদে,
পড়েনাকো কোরআন, মানে না মুর্শিদে;
ভুলিয়াছে কলমা শাহাদাত
পড়ে না নামাজ ঈদের চাঁদে॥

নাহি দান খয়রাত, ভুলে মোহ-ফাঁসে
মেতে আছে সবে বিভবে-বিলাসে,
বসিয়াছে জালিম শাহী তখ্তে তব
মজলুমের এ ফরিয়াদ আর কারে কব।
তলওয়ার নাহি আর
পায়ে গোলামীর জিঞ্জির বাঁধে॥

আদি রেকর্ডিং- ১৯৩৭
সুর: সুবলদাস গুপ্ত
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ

https://youtu.be/B4eLaLlW2TA



Saturday, December 21, 2019

ফিরিয়া যদি সে আসে


ফিরিয়া যদি সে আসে
আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে
আমার বিদায় বাণী শোনাবে।।

বলিও তারে এখানে এসে
ডাকে যেন মোর নাম ধ’রে সে,
রবাব যবে কাঁদিবে
রমল সুরের কোমল রেখাবে।।

তৃষিত মরুর ধুসর গগন
যেমন হেরে মেঘের স্বপন।

তেমনি দারুণ তিয়াসা লয়ে
কাটিল আমার বিফল জীবন —
একটি ফোঁটা আঁখি–জল
ঝরে যেন তার হাতের শরাবে।

Saturday, November 16, 2019

হে মোহাম্মদ এসো এসো


হে মোহাম্মদ এসো এসো
আমার প্রাণে আমার মনে।
এসো সুখে এসো দুখে
আমার বুকে মোর নয়নে।।

আমার দিনের সকল কাজে
যেন তোমার স্মৃতি রাজে,
এসো আমার ঘুমের মাঝে
এসো আমার জাগরণে।।

কোরান দিলে, দিলে ঈমান,
বেহেশ্‌তের দিশা দিলে,
পাপে তাপে ভোলা এ মন
খোদার রাহে ডেকে নিলে।

তোমায় আমি ভুলব কিসে
আছ আমার রুহে মিশে,
আমি তোমার প্রেমের পাগল
রেখো আমায় ঐ চরণে।।


তাল : কাহার্‌বা আদি
রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আব্দুল লতিফ