Saturday, December 21, 2019

ফিরিয়া যদি সে আসে


ফিরিয়া যদি সে আসে
আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে
আমার বিদায় বাণী শোনাবে।।

বলিও তারে এখানে এসে
ডাকে যেন মোর নাম ধ’রে সে,
রবাব যবে কাঁদিবে
রমল সুরের কোমল রেখাবে।।

তৃষিত মরুর ধুসর গগন
যেমন হেরে মেঘের স্বপন।

তেমনি দারুণ তিয়াসা লয়ে
কাটিল আমার বিফল জীবন —
একটি ফোঁটা আঁখি–জল
ঝরে যেন তার হাতের শরাবে।

Saturday, November 16, 2019

হে মোহাম্মদ এসো এসো


হে মোহাম্মদ এসো এসো
আমার প্রাণে আমার মনে।
এসো সুখে এসো দুখে
আমার বুকে মোর নয়নে।।

আমার দিনের সকল কাজে
যেন তোমার স্মৃতি রাজে,
এসো আমার ঘুমের মাঝে
এসো আমার জাগরণে।।

কোরান দিলে, দিলে ঈমান,
বেহেশ্‌তের দিশা দিলে,
পাপে তাপে ভোলা এ মন
খোদার রাহে ডেকে নিলে।

তোমায় আমি ভুলব কিসে
আছ আমার রুহে মিশে,
আমি তোমার প্রেমের পাগল
রেখো আমায় ঐ চরণে।।


তাল : কাহার্‌বা আদি
রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আব্দুল লতিফ

ইয়া এলাহি, ইয়া এলাহি

ইয়া এলাহি, ইয়া এলাহি
তব রাহে মোরে কর রাহী।।

ফরজ ওয়াজেব জানি না হে স্বামী
তব নামে মশ্‌গুল দিবা যামী
চাহি না শাফায়ৎ বেহেশ্‌ত দৌলত,
হে প্রভু শুধু তোমারে চাহি।।

পতঙ্গ ধায় যেমন দীপ পানে
তোমার জ্যোতি মোরে তেমনি টানে
তোমার বিরহে নিশিদিন কাঁদি
পরানে আমার শান্তি নাহি।।

আমারে রাখ তব প্রেমে ছেয়ে
বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে,
নদী যেমন যায় সাগরে ধেয়ে -
তেমনি ছুটি যেন তব নাম গাহি'।।

হাম্‌দ। তাল : কাহার্‌বা
শিল্পী : আব্দুল লতিফ
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম


Monday, September 16, 2019

এসো শারদ প্রাতের পথিক


এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে॥

দলি শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল,
নীল লাবণি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য-পর্বতে॥

এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণী
এসো বলাকার রং পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।

শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া,
এসো ধরণীরে ভালোবাসিয়া
দূর  নন্দন-তীর হতে॥

চৈতি চাঁদের আলো

চৈতি চাঁদের আলো
আজ ভালো নাহি লাগে
তুমি নাই মোর কাছে, সেই কথা শুধু জাগে।।

এই ধরনীর বুকে
কত গান কত হাসি
প্রদীপ নিভায়ে ঘরে, আমি আঁখি-নীরে ভাসি
পরানে বিরহী বাঁশী ঝুরিছে করুন রাগে।।

এ কি এ বেদনা আজি আমার ভূবন ঘিরে
ওগো অশান্ত মম ফিরে এসো, এসো ফিরে।

বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা
সাধ যায় কানে কানে আজি বলিবো সে কথা
ভুল বুঝিওনা মোরে বলিতে পারিনি আগে।।

গোঠের রাখাল বলে দে রে

গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন
যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষন।।

যথা -  দিনে-রাতে মিলন-রাসে 
চাঁদ হাসে রে চাঁদের পাশে।।
যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন।।

যথা - কৃষ্ণ নামের ঢেউ ওঠেরে সুনীল যমুনায়
যা’র তমাল বনে আজো কানুর নুপুর শোনা যায় (গো)।

আজো যাহার কদম ডালে
বেনু বাজে সাঁঝ সকালে
নিত্য লিলা করে যথা মদন মোহন।।

Sunday, August 18, 2019

মসজিদেরই পাশে আমার

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও
মোয়াজ্জিনের আজান শুন্‌তে পাই।।  
 
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে এ গুণাহ্‌গার পাইবে রেহাই।।
 
কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত,
ঐ মস্‌জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।
 
কত দরবেশ ফকির রে ভাই মস্‌জিদের আঙিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে।
আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্‌তে চাই
আল্লার নাম জপ্‌তে চাই।।