Saturday, November 16, 2019

ইয়া এলাহি, ইয়া এলাহি

ইয়া এলাহি, ইয়া এলাহি
তব রাহে মোরে কর রাহী।।

ফরজ ওয়াজেব জানি না হে স্বামী
তব নামে মশ্‌গুল দিবা যামী
চাহি না শাফায়ৎ বেহেশ্‌ত দৌলত,
হে প্রভু শুধু তোমারে চাহি।।

পতঙ্গ ধায় যেমন দীপ পানে
তোমার জ্যোতি মোরে তেমনি টানে
তোমার বিরহে নিশিদিন কাঁদি
পরানে আমার শান্তি নাহি।।

আমারে রাখ তব প্রেমে ছেয়ে
বিশ্ব ভুলি যেন তোমারে পেয়ে,
নদী যেমন যায় সাগরে ধেয়ে -
তেমনি ছুটি যেন তব নাম গাহি'।।

হাম্‌দ। তাল : কাহার্‌বা
শিল্পী : আব্দুল লতিফ
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম


Monday, September 16, 2019

এসো শারদ প্রাতের পথিক


এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে॥

দলি শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল,
নীল লাবণি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য-পর্বতে॥

এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণী
এসো বলাকার রং পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।

শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া,
এসো ধরণীরে ভালোবাসিয়া
দূর  নন্দন-তীর হতে॥

চৈতি চাঁদের আলো

চৈতি চাঁদের আলো
আজ ভালো নাহি লাগে
তুমি নাই মোর কাছে, সেই কথা শুধু জাগে।।

এই ধরনীর বুকে
কত গান কত হাসি
প্রদীপ নিভায়ে ঘরে, আমি আঁখি-নীরে ভাসি
পরানে বিরহী বাঁশী ঝুরিছে করুন রাগে।।

এ কি এ বেদনা আজি আমার ভূবন ঘিরে
ওগো অশান্ত মম ফিরে এসো, এসো ফিরে।

বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা
সাধ যায় কানে কানে আজি বলিবো সে কথা
ভুল বুঝিওনা মোরে বলিতে পারিনি আগে।।

গোঠের রাখাল বলে দে রে

গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন
যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষন।।

যথা -  দিনে-রাতে মিলন-রাসে 
চাঁদ হাসে রে চাঁদের পাশে।।
যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন।।

যথা - কৃষ্ণ নামের ঢেউ ওঠেরে সুনীল যমুনায়
যা’র তমাল বনে আজো কানুর নুপুর শোনা যায় (গো)।

আজো যাহার কদম ডালে
বেনু বাজে সাঁঝ সকালে
নিত্য লিলা করে যথা মদন মোহন।।

Sunday, August 18, 2019

মসজিদেরই পাশে আমার

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও
মোয়াজ্জিনের আজান শুন্‌তে পাই।।  
 
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে এ গুণাহ্‌গার পাইবে রেহাই।।
 
কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত,
ঐ মস্‌জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।
 
কত দরবেশ ফকির রে ভাই মস্‌জিদের আঙিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে।
আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্‌তে চাই
আল্লার নাম জপ্‌তে চাই।।

Saturday, July 20, 2019

যে অঙ্গুলিতে রং গুলিয়াছো


যে অঙ্গুলিতে রং গুলিয়াছো
এত কুমকুম ফাঁগ (সখী)
আমার বক্ষে লাগিবে কখন
সেই আঙ্গুলের দাগ।।

যে রং ছড়াও অশোকে পলাশে
যে আবির মাখো উদাস আকাশে
ফাগুন বাতাসে গো
আমার নয়নে পড়িবে কখন
সেই রঙের পরাগ।।

যে রঙে লোভে শ্যাম তব পায়ে
আলতা হইতে চায়
তব শ্রীচরন ধুয়ে সেই রং
ঢেলে দাও মোর গায়।

তুমি যে প্রেমের রঙ্গে রাঙিয়া কিশোরী
পৃথিবীতে আনো হোরির লহরি
হরি প্রেম হরি
হে কৃষ্ণপ্রিয়া কবে দেবে মোরে
সেই প্রেম অনুরাগ।।

Tuesday, July 16, 2019

চিকন কালো ভুরুর তলে

C

চিকন কালো ভুরুর তলে
কাজল আঁখি দোলে রে
যেন বন-লতার কোলে
কোয়েল পাখি দোলে রে।।

যেন ফুল-ধনুর উজল তীর গো (হায়)

যেন ফুল-ধনুর উজল তীর গো (হায়)
বাদশাজাদীর রঙ মহলে
যেন নীলার প্রদীপ জ্বলে
দোলে রে দোলে রে দোলে রে।।


সজল শিশির মাখা দু'টি কুসুম গো
সুনীল দু'টি কমল -কুড়িঁ
যেন রূপের সাঁতার -জলে
দোলে রে দোলে রে দোলে রে।।

তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : কমল দাশগুপ্ত
শিল্পী : হরিমতী দেবী
https://www.youtube.com/watch?v=loZQY809UFI&t=155s
https://www.youtube.com/watch?v=t7pUXzxz0qo