Tuesday, July 16, 2019

চিকন কালো ভুরুর তলে

C

চিকন কালো ভুরুর তলে
কাজল আঁখি দোলে রে
যেন বন-লতার কোলে
কোয়েল পাখি দোলে রে।।

যেন ফুল-ধনুর উজল তীর গো (হায়)

যেন ফুল-ধনুর উজল তীর গো (হায়)
বাদশাজাদীর রঙ মহলে
যেন নীলার প্রদীপ জ্বলে
দোলে রে দোলে রে দোলে রে।।


সজল শিশির মাখা দু'টি কুসুম গো
সুনীল দু'টি কমল -কুড়িঁ
যেন রূপের সাঁতার -জলে
দোলে রে দোলে রে দোলে রে।।

তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : কমল দাশগুপ্ত
শিল্পী : হরিমতী দেবী
https://www.youtube.com/watch?v=loZQY809UFI&t=155s
https://www.youtube.com/watch?v=t7pUXzxz0qo

Monday, June 24, 2019

শ্মশানে জাগিছে শ্যামা

শ্মশানে জাগিছে শ্যামা
অন্তিমে সন্তানে নিতে কোলে
জননী শান্তিময়ী বসিয়া আছে ঐ
চিতার আগুণ ঢেকে স্নেহ–আঁচলে।

সন্তানে দিতে কোল ছাড়ি’ সুখ কৈলাস
বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস,
কি ভয় শ্মশানে শান্তিতে যেখানে
ঘুমাবি জননীর চরণ–তলে।।
 
জ্বলিয়া মরিলি কে সংসার জ্বালায়
তাহারে ডাকিছে মা ‘কোলে আয়, কোলে আয়’
জীবনে শ্রান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে
কোলে তুলে নেয় মা মরণেরি ছলে।।

Sunday, June 23, 2019

পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে —
মোর শূণ্য হৃদয়–পদ্ম নিয়ে যা, যা রে।
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে।।

মোর পরান–বঁধু নাই, পদ্মে তাই মধু নাই (নাই রে)
বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে
মোর রূপের সরসীতে আনন্দ–মৌমাছি নাহি ঝঙ্কারে রে।।

ও পদ্মারে —
ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্‌মিল করে কৃষ্ণ–কালো।

সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস্‌ তারে, দিস্‌ এই পদ্ম তার পায়
বলিস্‌, কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে
ফেলে গেল চির–অন্ধকারে।

Wednesday, February 6, 2019

ফুলের জলসায় নীরব কেন কবি


ফুলের জলসায় নীরব কেন কবি
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি।।

যে বীনা তোমার পায়ের কাছে
বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে
তোমার পরশে ছড়াক হরশে
আকাশে বাতাসে তার সুরের সুরভি।।

তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানী রাতে
গোলাপ হয়ে কাঁদে তাহারি কামনা উদাস প্রাতে।

ফিরে যে আসিবে না ভোল তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত চাঁদের বাসনা ভোলাতে
অরুন অনুরাগে উদিল রবি।।

সে চলে গেছে বলে কিগো

সে চলে গেছে বলে কিগো
স্মৃতি ও হায় যায় ভোলা (হায়)
ওগো মনে হলে তার কথা (২)
আজো মর্মে সে মোর দেয় দোলা।।

ঐ প্রতিটি ধুলি কনায়
আছে তার ছোঁয়া লেগে হেথায়
আজো তাহারি আসার আশায়
রাখি মোর ঘরের সব দ্বার খোলা।।

হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল উৎসবে
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাঁথা আর ফুল তোলা।

সে নাই বলে বেশী করে
শুধু তার কথাই মনে পড়ে
হেরি তার ছবিই ভুবন ভ’রে
তারে ভুলিতে মিছে বলা।।


কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
আদি রেকর্ডিং-১৯৩৩
শিল্পী: আঙ্গুরবালা দেবী

Wednesday, January 2, 2019

সহসা কি গোল বাধালো পাপিয়ার পিকে

সহসা কি গোল বাধালো পাপিয়ার পিকে
কেন গোলাপ ফুলের টুকটুকে রং
চোখে লাগে ফিকে।।

নাই বৃষ্টি বাদল ওলো দৃষ্টি কেন ঝাপসা হল
অশ্রু জলে ঝালর দোলে চোখের পাতার চিকে।।

পলা-কলির লাল আখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যাথার কথা কে গেলো সই লিখে।

মনের আমার পাইনে লো খেই
কে যেন নেই কি যেন নেই
কে বনবাস দিলো আমার মনের বাসন্তীকে।।

শোন শোন ইয়া ইলাহি


শোন শোন ইয়া ইলাহি
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস রাত।

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
চোখে যেন দেখি শুধু
কুরআনের আয়াত।


দুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস যামী,
তোমার মসজিদেরই ঝাড়ু বর্দার
হোক আমার এ হাত।

সুখে তুমি দুখে তুমি,
চোখে তুমি বুকে তুমি,
এই পিয়াসী প্রানের, খোদা
তুমি আব হায়াত।