Friday, January 19, 2018

নবীর মাঝে রবির সম আমার মোহাম্মদ রসুল


নবীর মাঝে রবির সম আমার মোহাম্মদ রসুল।

খোদার হবিব দীনের নকিব বিশ্বে নাই যার সমতুল।।



     পাক আরশের পাশে খোদার

     গৌরবময় আসন যাঁহার,

খোশ-নসীব উম্মত আমি তাঁর (আমি) পেয়েছি অকূলে কূল।।



     আনিলেন যিনি খোদার সালাম;

     তাঁর কদমে হাজার সালাম;

ফকির দরবেশ জপি' সেই নাম (সবে) ঘর ছেড়ে হলো বাউল।।



     জানি, উম্মত আমি গুনাহগার

     হবো তবু পুলসরাত পার;

আমার নবী হযরত আমার করো মোনাজাত কবুল।।

পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া

পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া।
যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া।।
কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই,
সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই ( রে ভাই)।
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।।

তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি,
লইয়া যাওরে এই নিরাশের দীর্ঘ নিশ্বাসখানি।
নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।।

মা ফাতেমা হযরত আলীর মাজার যেথায় আছে,
আমার সালাম দিয়া আইস তাঁদের পায়ের কাছে।
কাবায় মোজানাজাত করিও আমার কথা কইয়া।।


আদি বেকর্ডিং- বেদারউদ্দিন আহম্মেদ (১৯৪৮)

Wednesday, January 17, 2018

বুলবুলি নীরব নার্গিস বনে


বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে ।।

শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে
তরুন ইরান কবি কাঁদে নিরজনে ।।

উদাসীন আকাশ থির হয়ে আছে
জল ভরা মেঘ লয়ে বুকের কাছে ।

সাকীর শারাবের পিয়ালার পরে
সকরুন অশ্রুর বেলফুল ঝরে
চেয়ে আছে ভাঙ্গা চাঁদ মলিন আননে ।।

Friday, January 12, 2018

রাস-মঞ্চে, দোল-দোল লাগে রে

রাস-মঞ্চে,
দোল-দোল লাগে রে, লাগে রে, 
জাগে ঘুর্ণি-নৃত্যের দোল।
আজি রাস-নৃত্য নিরাশ চিত্ত জাগো রে,
চল যুগলে যুগলে বন-ভবনে-
আনো নিথর হেমন্ত হিম পবনে
চঞ্চল হিল্লোল।।

শতরূপে প্রকাশ আজি শ্রী হরি
শত দিকে শত সুরে বাজে বাঁশরি-
সকল গোপিনী আজি রাই কিশোরী.-
যাবে তৃষ্ণা, পাবে কৃষ্ণের কোল।।

তরল তাল ছন্দ-দুলাল নন্দ-দুলাল নাচে রে
অপরূপ রঙ্গে নৃত্য-বিভঙ্গে অঙ্গের পরশ যাচে রে;
মানস-গঙ্গা অধীর-তরঙ্গা
প্রেমের যমুনা হ’ল রে উতরোল।।





আদি রেকর্ড: অক্টোবর, ১০৩৫
শিল্পী: মিস হরিমতি দেবী
নাটক চক্রব্যূহ (১৯৩4)
রেকর্ড নং-HMV N-7418

Tuesday, January 2, 2018

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি' হেরিয়া আপন ছায়া।।

প্রাতে উষার প্রায়
রেঙে উঠো লজ্জায়,
এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া।।

দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি
তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি।

ভূমি অবলুন্ঠিতা
বনলতা কুন্ঠিতা
কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস জায়া।।

নিশি নিঝুম ঘুম নাহি আসে,


নিশি নিঝুম ঘুম নাহি আসে,
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।


বিহগী ঘুমায় বিহগ–কোলে,
ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে;
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।


ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি,
শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।


কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ–মাখা মুখ গুন্ঠনে ঢাকি’
দিন যায় দিন গুণে, নিশি যায় নিরাশে।।

এখনো ওঠেনি চাঁদ


এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা –
হে পথিক যাও ফিরে।।


এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন–মন্দিরে –
হে পথিক যাও ফিরে।।


পল্লব–গুণ্ঠনে নিশি–গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ থির সারসির নীরে –
হে পথিক যাও ফিরে।।


যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে বাতায়ন–পাশে জাগি’
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে –
হে পথিক যাও ফিরে।।