Thursday, May 11, 2017

আল্লাহ্, নামের বীজ বুনেছি

(আমি) আল্লাহ্, নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে
ফলবে ফসল বেচব তারে কেয়ামতের হাটে।।

পত্তনীদার যে এই জমির/ খাজনা দিয়ে সেই নবীজীর
বেহেশতেরী তালুক কিনে, বসব সোনার খাটে (রে)।।

মসজিদে মোর মরাই বাঁধা, হবেনাকো চুরি
মনকির নাকির দুই ফেরেশ্তা, হিসাব রাখে জুড়ি’রে।

রাখবো হেফাজতের তরে/ ঈমানকে মোর সাথি করে
রদ হবে না কিস্তি  (মোর), জমি উঠবেনা আর লাটে (রে) ।।

খোদা এই গরীবের শোন শোন মোনাজাত

খোদা এই গরীবের শোন শোন মোনাজাত
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবন ভাত।।

মাঠে সোনার ফসল দিয়ো গৃহ ভরা বন্ধু প্রিয়
হৃদয় ভরা শান্তি দিও সেইতো আমার আবহায়াত।।

আমায় দিয়ে কারও ক্ষতি হয়না যেন দুনিয়ায়
আমি কারুর ভয় না করি মোরেও কেহ ভয় না পায়  (খোদা)

মসজিদে যাই তোমার টানে (যেন) মন নাহি ধায় দুনিয়া পানে
আমি ঈদের চাঁদ দেখি যেন, আসলে দুঃখের আধার রাত।।

খোদার প্রেমে শারাব পিয়ে

খোদার প্রেমে শারাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে।।

দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদলাতে
চাইনা বেহেশত খোদার কাছে নিত্য মুনাজাত করে।।

কয়েস যেমন লাইলি লাগি লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিরির প্রেমে হল দিওয়ানা বেতাব
বে-খুদী দে মশগুল আমি তেমনি মোর খোদার তরে।।

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

C
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
দিলাম তোমার চরন তলে হৃদয়-জায়নামাজ ।।

আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর
(তব) চরন ছোয়ায় এই পাপিরে কর সরফরাজ।।

তোমার অজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।

যে শয়তানের ফন্দিতে ভাই
খোদায় ডাকার  সময় না পাই
সেই শয়তান যাক দুরে
শুনে তকবীরের আওয়াজ।।

Tuesday, May 9, 2017

এ কি সুরে তুমি গান শোনালে  ভিনদেশী পাখী

এ কি সুরে কোন সুরে
এ কি সুরে তুমি গান শোনালে  ভিনদেশী পাখী
এ যে সুর নহে মদির সূরা,  রে সুরের সাকী।।

বসি মোর জানালা পাশে
কেন বুক ভাঙ্গা নিরাশে
যাও ঘুম ভাঙ্গায়ে নিতি
সকরুণ সুরে ডাকি
একি সুরে...।।

তোরও সুরে কাঁদছে ঊষা
অস্ত চাঁদের গলা ধরে,
ভোর গগনের কপোল বেয়ে
শিশির অশ্রু গড়িয়ে পড়ে।

আমি রইতে নারি ঘরে
আমার মন যে কেমন করে
আমার মন লাগেনা কাজে
আর জলে ভরে আঁখি
একি সুরে...।।

Tuesday, May 2, 2017

মুসাফির মোছরে আঁখি জল

মুসাফির মোছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া
আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া।।

রে পাগল একি দুরাশা জলে তুই বাধিলি বাসা
মেটেনা হেথায় পিয়াস হেথা নাই তৃষা দরিয়া।

বরষায় ফুটল না বকুল পউষে ফুটবে কি সে ফুল
এ দেশে ঝরে শুধু ভুল নিরাশার কানন ভরিয়া।।

রে কবি কতই দেয়ালি জ্বালিলি তোর আলো জ্বালি
এলনা তোর বনমালী আধার আজ তোরই দুনিয়া।।

খেলিছো এ বিশ্ব লয়ে

Cm
খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।।

শুন্যে মহা আকাশে তুমি মগ্ন লিলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নিতি ক্ষনে ক্ষনে।।

তারকা রবি শশি খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙ্গা পায়ের কাছে রাশি রাশি।

নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অ-বিকার
হাসিছ খেলিছ তুমি আপন মনে।।