Tuesday, January 2, 2018

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি' হেরিয়া আপন ছায়া।।

প্রাতে উষার প্রায়
রেঙে উঠো লজ্জায়,
এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া।।

দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি
তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি।

ভূমি অবলুন্ঠিতা
বনলতা কুন্ঠিতা
কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস জায়া।।

নিশি নিঝুম ঘুম নাহি আসে,


নিশি নিঝুম ঘুম নাহি আসে,
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।


বিহগী ঘুমায় বিহগ–কোলে,
ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে;
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।


ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি,
শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।


কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ–মাখা মুখ গুন্ঠনে ঢাকি’
দিন যায় দিন গুণে, নিশি যায় নিরাশে।।

এখনো ওঠেনি চাঁদ


এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা –
হে পথিক যাও ফিরে।।


এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন–মন্দিরে –
হে পথিক যাও ফিরে।।


পল্লব–গুণ্ঠনে নিশি–গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ থির সারসির নীরে –
হে পথিক যাও ফিরে।।


যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে বাতায়ন–পাশে জাগি’
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে –
হে পথিক যাও ফিরে।।

গঙ্গা সিন্ধু নর্মদা

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ বহিয়া চলেছে আগের মতন,
কই রে আগের মানুষ কই।।

মৌনী স্তব্ধ সে হিমালয় তেমনি অটল মহিমময়
নাই তার সাথে সেই ধ্যানী ঋষি,
আমরাও আর সে জাতি নই।।

আছে সে আকাশ ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই 
অন্নদা-সুত ভিক্ষা চাই
কি কহিব এরে কপাল বই।।

সেই আগ্রা সে দিল্লী ভাইপ’ড়ে আছে, সেই বাদশা নাই
নাই কোহিনুর ময়ূর-তখ্ত
নাই সে বাহিনী বিশ্বজয়ী।

আমরা জানি না, জানে না কেউ কূলে ব’সে কত গণিব ঢেউ
দেখিয়াছি কত, দেখিব এও
নিঠুর বিধির লীলা কতই।।

https://www.youtube.com/watch?v=Ix1PW_JFvto

Thursday, October 19, 2017

অন্তরে তুমি আছ চির দিন

অন্তরে তুমি আছ চির দিন ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুজি তা-ই
পাই না তোমায় আমি।।

প্রানের মতন আত্মার সম
আমাতে আছ হে অন্তরতম
মন্দির রচি বিগ্রহ পুজি দেখে হাস তুমি স্বামী।।

সমীরন সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে
গন্ধ কুসুম সৌরভ সম
প্রানে প্রানে আছো জড়ায়ে

তুমি বহুরুপী  তুমি রূপহীন
তব লীলা হেরি অন্ত বিহীন
তব লুকোচুরি খেলা সহচরী
আমি যে বিদস জামি।।

ভুলি কেমনে আজো যে মনে


ভুলি কেমনে আজো যে মনে বেদনা সনে রহিল আঁকা
আজো সজনী দিন রজনী সে বিনে গনি সকলি ফাঁকা।।

আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ‍ছুরি
এত শঠতা এত যে ব্যাথা তবু যেন তা মধুতে মাখা।।

চকোরী দেখলে চাদে দুর হতে সই আজো কাঁদে
আজো বাদলে, ঝুলন ঝোলে তোমনি জলে চলে বলাকা।।

বকুলের তলায় দোদুল কাজলা মেয়ে কুড়োয় লো ফুল
চলে নাগরী কাখে গাগরী চরণ ভারি কোমর বাঁকা।।

ডালে তোর করলে আঘাত দিস্ রে কবি ফুল সওগাত
ব্যাথা মুকুলে অলি না ছুলে বনে কি দুলে, ফুল পতাকা।।

অরুন রাঙ্গা গোলাপ-কলি


অরুন রাঙ্গা গোলাপ-কলি
কে নিবি সহেলী আয়
গালে যার গোলাপি আভা
এ ফুল কলি তারে চায়।।

ডালির ফুল যে শুকায়ে যায়
কোথায় লায়লী শিরি কোথায়
কোথায় প্রেমিক বিরহী মজনু
এ ফুল দেব কাহার পায়।।

পূর্ন চাদের এমন তিথি
ফুল বিলাসী কই অতিথি
বুলবুলি বিনে এ গুলযে
অভিমানে মুরছায়।।